মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান—সবই বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের ইতিহাস কোনো একক দল বা ব্যক্তির ইতিহাস নয়, কোনো একটি অধ্যায়কে বাদ দিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়।
শহীদ ডা. মিলন দিবস ও ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ এ স্মরণসভার আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, ‘১৯৭১ সালের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে। অথচ তাঁর স্বাধীনতার ঘোষণা মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। ইতিহাস থেকে তাঁকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি; কারণ, ইতিহাসের সত্য কখনো মুছে ফেলা যায় না।’
তিনি আরও বলেন, ‘৭ নভেম্বরকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস হতে পারে না, তেমনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনকেও বাদ দেওয়ার সুযোগ নেই। ওই আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ এবং তৎকালীন ছাত্রনেতা আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল ও লুৎফুর রহমানসহ নেতাদের ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।’
নব্বইয়ের গণ-অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাই চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে প্রভাবিত করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পরবর্তী সংগ্রামগুলোতেও কাজ করেছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজেও সক্রিয়ভাবে রাজপথে ছিলেন জানিয়ে রিজভী বলেন, ‘৪৮ ঘণ্টার হরতাল চলাকালে আমার শরীরে গুলি লেগেছিল। নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আমার ব্যক্তিগত জীবন ও স্মৃতি গভীরভাবে জড়িয়ে রয়েছে। এরশাদের পতনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক বিজয় পরবর্তী দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও অনুপ্রেরণা জুগিয়েছে এবং সেই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে।’
গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাইয়ের অর্জনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। তবে শুধু সরকার পেলেই হবে না, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সুসংহত ও কার্যকর করতে হবে।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘ডা. মিলনের আত্মদান নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল। তাঁর এ অবদান ছাত্রসমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
সভায় ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


