জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এল যেসব সিদ্ধান্ত

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এল যেসব সিদ্ধান্ত
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

সরকারের জাতীয় সংলাপ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা সংলাপে কোনো দল আলাদাভাবে নয়, বরং জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে সংলাপের মূল এজেন্ডা হিসেবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিকে সামনে রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। বৈঠকে ন্যাশনাল সিটিজেন পার্টিসহ (এনসিপি) ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

• ইসির সংলাপে পৃথক সময় চাওয়া: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনটি স্লটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। সংলাপকে অর্থবহ করতে আলাদা দলের পরিবর্তে ১১ দলীয় ঐক্যের জন্য একটি পৃথক সময় বরাদ্দ দিতে ইসির জ্যেষ্ঠ সচিবকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবেও আবেদন করা হবে।

• জাতীয় সংলাপে জোটবদ্ধ অংশগ্রহণ: জাতীয় সংকট নিরসন ও জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি কোনো একক দলের নয়, বরং পুরো জাতির বিষয়। তাই সরকারের আহ্বানে অনুষ্ঠিতব্য জাতীয় সংলাপেও ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নেবে।

• শীর্ষ নেতাদের বৈঠকে আলোচ্যসূচি চূড়ান্তকরণ: বিরোধীদলীয় নেতা দেশের বাইরে থেকে ফিরে আসায় এখন উভয় পক্ষের সময় সমন্বয় করে সংলাপের দিন-তারিখ চূড়ান্ত হবে। এর আগে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসে আলোচ্যসূচি ও করণীয় ঠিক করবেন।

• জুলাই সনদ ও গণভোটের রায়ই মূল এজেন্ডা: সংলাপে আলোচনার মূল ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। তবে সংলাপে আর কোনো নতুন দাবি বা বিষয় যুক্ত হবে কি না, তা জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে নির্ধারিত হবে।

ব্রিফিংয়ে সংস্কারের প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদে ৪৮টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। সংস্কার কীভাবে হবে, ১৮০ দিনের মধ্যে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংসদ সদস্যরা কীভাবে তা বাস্তবায়ন করবেন—সবকিছুই জনগণ ঠিক করে দিয়েছে। এখন সরকার সংস্কার চায় কি না, সেটিই মূল প্রশ্ন। পুরোনো বয়ানে ফিরে গিয়ে সংকট জিইয়ে রাখার কোনো সুযোগ নেই।

এ সময় নির্বাচন কমিশনের সংলাপে এনসিপির আলাদাভাবে অংশ নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে হামিদুর রহমান আযাদ জানান, লিয়াজোঁ কমিটির বৈঠকে ঐক্যবদ্ধভাবে যাওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে এবং এর বাইরে দলীয় কোনো বিষয় থাকলে তা ১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলেই স্পষ্ট হয়ে যাবে।

#ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...