বিএনপির মধ্যে কোনো বিভেদ ও অনৈক্য নেই: নুরুদ্দিন অপু

বিএনপির মধ্যে কোনো বিভেদ ও অনৈক্য নেই: নুরুদ্দিন অপু

বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই, অনৈক্য নেই বলে মন্তব্য করেছেন কালবেলা পত্রিকার প্রকাশক ও শরীয়তপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকায় বসবাসকারী শরীয়তপুর-০৩ আসনের নাগরিকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

নুরুদ্দিন অপু বলেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই, অনৈক্য নেই। তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। গুম-খুন, অত্যাচার-নির্যাতন, ত্যাগ-তিতীক্ষার বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ স্বৈরাচারমুক্ত। মহান রাব্বুল আল আমিন স্বৈরাচারী শেখ হাসিনাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না। দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করে দেব, শরীয়তপুর বিএনপির ঘাঁটি। শরীয়তপুর থেকেই আমরা শুরু করতে চাই-বিএনপির তৃণমূলে কোনো বিভেদ নেই, সবাই এক। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, উন্নয়ন বঞ্চিত শরীয়তপুরের সঠিক উন্নয়নের জন্য দরকার অপুর মতো ব্যক্তিত্ব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে শুধু অপুকেই নয় -আমাদের শরীয়তপুরের প্রতিটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তবেই ইনশা-আল্লাহ শরীয়তপুরের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

অনুষ্ঠানের শুরুতে অপু মিলনায়তনে প্রবেশ করেই উপস্থিত সাধারণ মানুষের মাঝে চলে যান। এসময় নেতাকর্মী ও মানুষের সাথে তিনি করমর্দন, আলিঙ্গন ও মতবিনিময় করেন।

শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, সাবেক সচিব ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন