ইসরাইলের নির্বাচন

ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র

ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচন এমন এক রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করেছে, যা একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে—কোনো রাষ্ট্র কি নিজেকে গণতন্ত্রের ধারক বলে দাবি করতে পারে, যখন তার রাজনৈতিক নেতারা নিজ দেশের ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে সহযোগিতা করতে অনিচ্ছুক এবং একই সময়ে ফিলিস্তিনিরা দখলদারত্ব, বাস্তুচ্যুতি ও ভয়াবহ সহিংসতার শিকার হতে থাকে?

বিজ্ঞাপন

নির্বাচনে প্রধান দুটি ইহুদি-নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের কোনোটিই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে আরব-নেতৃত্বাধীন দলগুলো অভূতপূর্ব নির্বাচনি শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে, যা তাদের সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালনের সম্ভাবনা তৈরি করেছে।

অনিশ্চিত নির্বাচনি ফলাফল ও বিভক্ত সংসদ

ইসরাইলের ১২০ সদস্যবিশিষ্ট নেসেটে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। প্রকাশিত নির্বাচনি ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৪টি আসন পেয়েছে। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং আরব-নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম সম্মিলিতভাবে ১৮টি আসন পেয়েছে।

এই পরিসংখ্যান রাজনৈতিক সংকটের মূল চিত্র তুলে ধরে। প্রতিদ্বন্দ্বী জোটের সদস্যদের সহযোগিতায় রাজি করানো অথবা আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সমঝোতা করা ছাড়া কোনো পক্ষের পক্ষেই সরকার গঠন করা সম্ভব নয়।

নেতানিয়াহু একটি ডানপন্থি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আরব দলগুলোকে সরকার গঠনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে আইজেনকট কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহত্তর জোট গঠন অথবা নতুন নির্বাচন—কোনোটির সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।

আরব দলগুলোর উত্থান: সরকার গঠনে নির্ণায়ক শক্তি

নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হলো আরব-নেতৃত্বাধীন দলগুলোর নির্বাচনি সাফল্য। তাদের সম্ভাব্য ২০টি আসন ঐতিহাসিক সর্বোচ্চ অর্জনের প্রতিনিধিত্ব করবে। এর মাধ্যমে আরব ভোটারদের বর্ধিত অংশগ্রহণ এবং দেশের রাজনৈতিক গতিপথে প্রভাব বিস্তারের দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। সামগ্রিক ভোটার উপস্থিতি প্রায় ৭৮ শতাংশ বলে জানানো হয়েছে; আরব ভোটারদের মধ্যেও উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে।

ইসরাইলে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনি ব্যবস্থা প্রচলিত। ভোটাররা ব্যক্তিগত নির্বাচনি এলাকার প্রার্থীদের পরিবর্তে রাজনৈতিক দলকে ভোট দেন। নির্ধারিত ন্যূনতম ভোটের সীমা পূরণ সাপেক্ষে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদীয় আসন লাভ করে এবং দলীয় তালিকার ক্রমানুসারে প্রার্থীরা নেসেটে প্রবেশ করেন।

তাই আরব-নেতৃত্বাধীন দলগুলোর নির্বাচনি সাফল্য ইসরাইলের সামনে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক পরীক্ষা হাজির করেছে। তাদের ভোট কি দেশের গণতান্ত্রিক জনমতের অংশ হিসেবে স্বীকৃতি পাবে, নাকি রাজনৈতিক ও জাতিগত বিভক্তি তাদের কার্যকর প্রভাব বিস্তারের পথ রুদ্ধ করবে?

আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা প্রত্যাখ্যান কি বর্ণবাদ?

আরব দল বালাদের নেতা সামি আবু শাহাদেহ যুক্তি দিয়েছেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সহযোগিতা করতে ইসরাইলের বিরোধী নেতাদের অনীহার পেছনে বর্ণবাদ কাজ করছে। আল জাজিরায় প্রকাশিত তার বক্তব্যে তিনি এমন একটি জনগোষ্ঠীকে সরকার পরিচালনার সম্ভাবনা থেকে বাদ দেওয়ার সমালোচনা করেন, যারা দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে।

প্রধান ইহুদি-নেতৃত্বাধীন দলগুলোর আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ করতে অনীহা ইসরাইলের গণতন্ত্র এবং আরব নাগরিকদের নাগরিক অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কেবল আরব পরিচয়ের কারণে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাখ্যান করা হলে সমান প্রতিনিধিত্বের নীতি লঙ্ঘিত হবে।

এই নির্বাচন সেই নীতিকে কঠোর পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। বিরোধী দলগুলো যদি নিজেদের প্রকৃত গণতান্ত্রিক বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তবে গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট করতে হবে।

নেতানিয়াহুর টিকে থাকা ও জবাবদিহিতার প্রশ্ন

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন ইসরাইলের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও প্রতিদ্বন্দ্বী দলগুলোর সদস্যদের নিজের পক্ষে টেনে আনা অথবা অন্য রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

তার আইনি জটিলতাগুলোও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিস্তিন পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

নেতানিয়াহু নিজ দেশেও দুর্নীতির মামলায় বিচারাধীন। তার রাজনৈতিক প্রতিপক্ষরা যুক্তি দিয়েছেন, পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের আস্থা পুনরুদ্ধারকে কেন্দ্রীয় গুরুত্ব দিতে হবে। বিরোধী দলগুলোর সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ রয়েছে—একটি কার্যকর বিকল্প সরকার গঠন করা এবং একই সঙ্গে প্রমাণ করা যে জবাবদিহিতার প্রতি তাদের অঙ্গীকার কেবল একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ক্ষমতাচ্যুত করার মধ্যেই সীমাবদ্ধ নয়।

গাজা ও পশ্চিম তীর: অমীমাংসিত মানবিক সংকট

ইসরাইলের নির্বাচনের তাৎপর্য গাজায় যুদ্ধের বিধ্বংসী পরিণতি এবং অধিকৃত পশ্চিম তীরের চলমান সংকট থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না।

ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এসব ব্যবস্থা আইনগতভাবে গুরুত্বপূর্ণ এবং এর গুরুতর তাৎপর্য রয়েছে। এই আইনি প্রক্রিয়াগুলো মানবিক সংকটের জরুরি অবস্থা কিংবা জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে খাটো করে না। বরং এগুলো আন্তর্জাতিক আইন ধারাবাহিকভাবে প্রয়োগ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গুরুতর লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ তদন্তের গুরুত্ব আরো জোরালোভাবে তুলে ধরে।

বসতি সম্প্রসারণ, বৈষম্য ও ফিলিস্তিনি ভূমির ভবিষ্যৎ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি সম্প্রসারণ ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রধান বাধা। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচনা করে। আন্তর্জাতিক আইনগত মূল্যায়ন ও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবেও এই বেআইনি দখলের প্রতিফলন রয়েছে।

ফিলিস্তিনি পরিবারগুলো বাস্তুচ্যুতি, কৃষিজমিতে প্রবেশাধিকার হারানো এবং পৈতৃক বাড়িঘর থেকে বিচ্ছিন্ন হওয়ার শিকার হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সমর্থনপুষ্ট বসতি স্থাপনকারীদের সহিংসতার বিভিন্ন প্রতিবেদনও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

যে সরকার গণতান্ত্রিক বৈধতার দাবি করে, তার বিচার শুধু নির্বাচনি সাফল্যের ভিত্তিতে নয়; বরং তার কর্তৃত্বাধীন জনগণ এবং তার নীতির দ্বারা প্রভাবিত মানুষের সঙ্গে কেমন আচরণ করা হয়, তার ভিত্তিতেও হওয়া উচিত। প্রকৃত গণতন্ত্রের মূল্যায়ন করতে হলে আইনের দৃষ্টিতে সমতা, সংখ্যালঘুদের সুরক্ষা, জাতিগত বৈষম্য থেকে মুক্তি, বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে। মূল প্রশ্ন হলো, গণতান্ত্রিক অধিকার ও আইনি সুরক্ষা কি সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে, নাকি পরিচয়ভেদে বেছে বেছে তা কার্যকর করা হচ্ছে?

নেতানিয়াহুর লিকুদ পার্টির পক্ষ থেকে আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নির্বাচনি জালিয়াতির অভিযোগও নির্বাচনকে বিতর্কিত করেছে। জালিয়াতির অভিযোগকে আরব রাজনীতিবিদদের জনজীবন থেকে বাদ দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক প্রেক্ষাপট

ইসরাইলের রাজনৈতিক ভবিষ্যৎ দেশটির আন্তর্জাতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলবে। গাজার যুদ্ধ, সামরিক অভিযানের মানবিক পরিণতি, বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের সঙ্গে আচরণ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও আইনগত পর্যালোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারগুলোর সামনে ক্রমাগত প্রশ্ন উঠছে—ইসরাইলের সঙ্গে তাদের কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের ঘোষিত অঙ্গীকারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকজন সাংবাদিক ও রাজনীতিবিদ তথাকথিত বসতি স্থাপনকারীদের দ্বারা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সহায়তায় হামলার শিকার হয়েছেন। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল অসহায় ফিলিস্তিনি কৃষকদের বাস্তব অবস্থা নিজের চোখে দেখা—যাদের বিদেশি দখলদারদের চাপে পৈতৃক বাড়িঘর ও কৃষিজমি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছিল।

বর্তমান ইসরাইল সরকার তার যেকোনো খারাপ নীতি ও বর্বরতার সমালোচনাকে ইহুদি জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষ হিসেবে আখ্যায়িত করে থাকে। ইসরাইলি উগ্রপন্থি গোষ্ঠী, সরকার কিংবা নিরাপত্তা বাহিনীর নৃশংসতার সমালোচনা করা ইহুদিবিদ্বেষ নয়।

জোট গঠনের হিসাবের ঊর্ধ্বে গণতন্ত্রের পরীক্ষা

এই নির্বাচন ইসরাইলের রাজনৈতিক নেতাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুযোগ তৈরি করেছে। আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সহযোগিতা করলেই ইসরাইলের সংঘাতগুলোর সমাধান হবে, কিংবা ফিলিস্তিনিদের সমান অধিকার নিশ্চিত হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। তবে ওই দলগুলোকে বাদ দেওয়া হলেই ইসরাইল গণতান্ত্রিক রাষ্ট্র কি না, সে বিষয়ে বড় প্রশ্নের সৃষ্টি হবে।

রাজনৈতিক নেতারা যদি কেবল আরব পরিচয়ের কারণে আরব প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা প্রত্যাখ্যান করেন, তাহলে সেই বর্জন সমান নাগরিকত্বের প্রশ্নে গুরুতর প্রশ্ন সৃষ্টি করবে।

গণতন্ত্রের অর্থ হতে হবে সমতা ও ন্যায়বিচার

ইসরাইলের নির্বাচন এমন একটি পরীক্ষার সৃষ্টি করেছে, যার উত্তর কেবল সংসদীয় আসনের হিসাব দিয়ে দেওয়া সম্ভব নয়—রাজনৈতিক ক্ষমতা কি সমান অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হবে, নাকি বর্জন ও বৈষম্যই রাজনৈতিক বাস্তবতার হয়ে থাকবে?

এ প্রশ্নের উত্তর শুধু ইসরাইলের ভোটারদের জন্য নয়, ফিলিস্তিনি, বৃহত্তর মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখক: অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের ইমেরিটাস অধ্যাপক

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...