আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাংবাদিকদের নজরুল ইসলাম খান

জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে

স্টাফ রিপোর্টার

জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ের দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল শুক্রবার ফল ঘোষণা সমাপ্তির পর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবি করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ‘বিজয়ী’ শব্দ ব্যবহার না করলেও বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপি নিশ্চিত হয়েছে যে, তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রয়েছে। জোটের শরিক দলগুলোর প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হয়েছেন বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, জনগণ আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান-এর ওপর অর্পণ করেছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানান। তার ভাষায়, গণমাধ্যমের মাধ্যমে দলের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের কাছে পৌঁছেছে বলেই এ সমর্থন মিলেছে।

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি সম্ভব না হলেও অতীতের অনেক নির্বাচনের তুলনায় সহিংসতা কম হয়েছে। দীর্ঘদিনের ভোটার অনাগ্রহ পুরোপুরি কাটেনি বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনায় ঘোষণা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করবে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ অনিয়মের অভিযোগ তুললে তা প্রমাণের দায়িত্ব তারই।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ বলছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। এই দলের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতার উৎস।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন। যেখানে আমরা অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয় দেখেছি। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়। এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করবে।

দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করে মাহদী আমীন বলেন, এই বিজয় দীর্ঘ পথযাত্রায় অনেক গুম, খুন, হামলা-মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া শহীদদের সংগ্রামের ওপর দাঁড়িয়ে আছে। শহীদদের মায়েদের যে প্রত্যাশা, আমাদের নেতা ইনশাল্লাহ সেটি পূরণ করবেন।

বক্তব্যের শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে বিএনপি প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমস্যার সমাধান করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অটুট রাখতে আমাদের নেতা বদ্ধপরিকর।

এদিকে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে বিজয়ী হয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি এবং খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন