নির্বাচন নিয়ে নাসীরুদ্দীনের প্রতিক্রিয়া

একটি দলকে খুশি করতে ভোট এগিয়ে আনা হচ্ছে

একটি দলকে খুশি করতে ভোট এগিয়ে আনা হচ্ছে

একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা হচ্ছে, যা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি বলেও দাবি করেন এনসিপির এ নেতা। তার মতে, এ বৈঠকে দেশের মাটি ও মানুষের কোনো সংযোগ নেই।

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর তাদের যৌথ বিবৃতির ঘণ্টাখানেক পরই প্রেস ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, সংস্কার আর বিচারকে পাশ কাটিয়ে সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে, তা ১৮ কোটি মানুষের নির্বাচন হবে না। এমনভাবে নির্বাচনের দিকে গেলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। জনগণ আবারও গণঅভ্যুত্থানে যেতে বাধ্য হবে।

তিনি আরো বলেছেন, বিদেশের মাটিতে বসে যখন সরকার বিশেষ দলের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে বসে, তখন এটা হয়ে যায় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। সেখানে জুলাই ঘোষণার স্পষ্ট বার্তা দেখিনি। মৌলিক সংস্কার প্রশ্নেও বার্তা পাইনি। শুধু একটি দলকে খুশি করতে নির্বাচন নিয়ে বার্তা আসছে। বিচার ও সংস্কার না হলে তার দল এনসিপি নির্বাচনে অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন