এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনারা ক্ষমতায় এসেছেন, শহীদদের ভুলে যাবেন না, বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম। বরিশালের শহীদ হোক বা চট্টগ্রাম এবং ঢাকার হোক।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল সোসাইটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা জেনেছি জুলাই অভ্যুত্থানে বরিশাল বিভাগে ৩৭ জনের বেশি শহীদ হয়েছেন। আমি কয়েকজনের কবর জিয়ারতও করে এসেছি। তবে খুব দুঃখের বিষয় হচ্ছে, লাশ দাফন করার সময় প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই করেনি। এই রাষ্ট্র ২৪-এর শহীদদের প্রতি উদাসীন।
ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রতিটা শহীদ হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের ফাউন্ডেশন। প্রতিটা শহীদ ও শহীদ পরিবারকে আপনারা কীভাবে ট্রিট করছেন, তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কীভাবে দেখভাল করছেন? আপনাদের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

