প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সম্প্রতি কোরআনের হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে তাঁদের হাতে সমকামী লেখক ইউভাল নোয়াহ হারারির Nexus বই তুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

বিজ্ঞাপন

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, কোরআনের হাফেজদের সম্মাননার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কোমলমতি হাফেজ শিক্ষার্থীদের হাতে সমকামিতা বিষয়ক বই তুলে দেওয়ার ঘটনাকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একজন প্রকাশ্য সমকামী লেখকের বই কীভাবে এবং কার মাধ্যমে হাফেজদের হাতে পৌঁছাল, তা খতিয়ে দেখতে হবে। এর পেছনে কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল কি না, তদন্তের মাধ্যমে তা স্পষ্ট করতে হবে।

সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিসরে এলজিবিটি ও সমকামিতাকে কেন্দ্র করে নানা ধরনের প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মাদরাসা ও স্কুলের শিশু-কিশোরদের হাতে কী ধরনের বই ও উপকরণ তুলে দেওয়া হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটি অনুষ্ঠানে এমন বই হাফেজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার কোনো অপচেষ্টা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে। আর যদি এটি প্রশাসনিক বা আয়োজক পর্যায়ের অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে থাকে, তাহলেও কার গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে, তা জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন।”

নেতৃবৃন্দ বলেন, কুরআন মাজিদে হজরত লূত (আ.)-এর কওমের ঘটনা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা তাদের সেই নিকৃষ্ট ও সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ডের নিন্দা করেছেন। সুতরাং মুসলিম-প্রধান বাংলাদেশের কোমলমতিদের হাতে এমন কোনো বই তুলে দেওয়া, যা সমকামিতাকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করে, তা অত্যন্ত উদ্বেগজনক।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ অবিলম্বে বিষয়টি তদন্ত করে বইটি কারা নির্বাচন ও বিতরণ করেছে এবং কোন প্রক্রিয়ায় তা হাফেজ শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে—তা প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন