জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে: নুর

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে: নুর

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মকাণ্ড ও তৎপরতার কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, এই অস্থিরতার সুযোগ নিয়ে ক্ষমতাচ্যুত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল। এ লক্ষ্যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার সংবিধান সংশোধনের উদ্যোগও নিয়েছে। তবে এ প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ আরও কার্যকর হতে পারত।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিরা থাকলে আইনজীবী, সাংবাদিক, নাগরিক সমাজ ও ছাত্রসংগঠনগুলোর মতামত সম্পর্কে জানতে পারতেন। এসব মতামত গণমাধ্যমে তুলে ধরে সরকারের ওপর সংস্কার বাস্তবায়নে আরও কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব হতো। কিন্তু সেই সুযোগ কাজে না লাগিয়ে জামায়াত ও এনসিপি আন্দোলন ও লংমার্চের পথ বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি। এতে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন নুর।

জামায়াতের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে নুরুল হক নুর বলেন, একসময় জামায়াতে ইসলামী বিএনপির মিত্র ছিল এবং যুগপৎ আন্দোলনে দলটির নেতাকর্মীদের ত্যাগ ও অবদান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির কিছু কর্মকাণ্ড তাকে হতাশ করেছে। আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও রাজপথের কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি জটিল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এনসিপির বিষয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তরুণ এনসিপিতে যুক্ত হয়েছেন। প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলেও রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা তৈরির মধ্য দিয়ে পতিত শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

২০২৩ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে নুর বলেন, ওই বছরের ২৮ অক্টোবর বিএনপি ও মিত্র দলগুলো এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি শুরু করেছিল। এরপর বিএনপি ও শরিক দলগুলোর নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয় এবং প্রায় ৩২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হন। তারপরও আন্দোলন থেমে থাকেনি; বিএনপির পাশাপাশি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরাও রাজপথে সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

নুরুল হক নুর আরও বলেন, বিরোধী দলের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নিত না। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে বিএনপি ও মিত্র দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনৈতিক বিভেদ ভুলে সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...