আ.লীগ নিষিদ্ধে গণজমায়েতে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা

আ.লীগ নিষিদ্ধে গণজমায়েতে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে গণজমায়েতে যোগ দিচ্ছে ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

শুক্রবার বাদজুমা ছাত্র-জনতার খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হতে শুরু করে ট্রাকের ওপর তৈরি অস্থায়ী মঞ্চের সামনে। এ ছাড়া দুপুর ১২টার পর যমুনার সামনে অবস্থানকারীরাও মঞ্চের সামনে চলে আসেন। সেখানে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার এবং জুলাইর নানা স্লোগান দিচ্ছেন তারা।

গণজমায়েতের জন্য ৫টি ট্রাক একসঙ্গে করে তার ওপর সামিয়ানা টাঙ্গিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে আগে থেকে অবস্থান কর্মসূচি পালনকারীরা জড়ো হয়েছেন। তাদের সঙ্গে মিছিল নিয়ে বের বিভিন্ন দিক থেকে আসছে ছাত্র-জনতা। এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, ছাত্র-জনতার এ গণজমায়েতে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জোর দাবি জানানো হবে। এখান থেকে ঘোষণা আসতে পারে দাবি আদায়ে আল্টিমেটামেরও।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্র-জনতা। তাদের এ অবস্থান অব্যাহত রয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই ঐক্য, শিবির, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, হেফাজতে ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী ও ছাত্র পক্ষসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এ ছাড়াও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন সংহতি জানিয়েছে।

আগে থেকেই অবস্থান কর্মসূচি পালনকারীরা রাস্তায়ই জুমার নামাজ আদায় করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন