চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার এবং দেশব্যাপী অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম মসজিদের সামনে দিয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসু ভিপি রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, গত ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে বারবার রাজপথে নামতে হয়েছে। কখনো ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে, কখনো ছাত্র সংসদ নির্বাচন বন্ধের চক্রান্তের প্রতিবাদে, আবার কখনো নিষিদ্ধ সংগঠন ‘লীগ’-এর কর্মীদের পুনর্বাসনের অপচেষ্টার বিরুদ্ধেও আমরা সোচ্চার থেকেছি।
তিনি বলেন, মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীরা যে ন্যক্কারজনক ও বর্বর হামলা চালিয়েছে, তার প্রতিবাদে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এ হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। আশরাফুল ইসলামের গোড়ালি বিচ্ছিন্ন করার মতো নৃশংস ঘটনাও ঘটেছে। অবিলম্বে এ হামলায় জড়িতদের বিচার করতে হবে। আহতদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে।
গত কয়েক মাস আগে ছাত্রদল কর্তৃক তেজগাঁও কলেজ ছাত্র সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ড উল্লেখ করে আজাদ বলেন, তেজগাঁও কলেজের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে রুম থেকে ডেকে নিয়ে গিয়ে যারা হত্যা করেছে, সেই সকল ছাত্রদলের গডফাদার ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, শুধু ছাত্রদল নয়, নির্বাচনের আগে বিএনপিও একই ধারায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। অতীতে আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা বিএনপির বিভিন্ন কমিটিতে এমন প্রবণতা দেখেছি; বর্তমানে তা আরও স্পষ্ট হয়ে উঠছে।”
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ শাখা সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমপি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

