জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে জনমনে গভীর আশঙ্কা তৈরি করেছে।
তারা আরও বলেন, এই হামলার পেছনে ফ্যাসিবাদী দোসরদের সম্পৃক্ততা রয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার পরও সংশ্লিষ্ট মহলে অনুশোচনার লক্ষণ দেখা যাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো অপতৎপরতা ও সহিংসতা প্রতিহত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই।
নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ দায়িত্ব পালনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। অবিলম্বে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান নেজামে ইসলাম পার্টির শীর্ষ দুই নেতা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



