চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

চীনে রোবোটিক সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ নিতে গিয়ে সংবর্ধিত হয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে তার সম্মানে এ বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাসপাতালের ইউরোলজি ও অ্যান্ডোইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ঝং ওয়াং এবং ডা. রফিকুল ইসলাম দুই দেশের চিকিৎসা শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা ও বাংলাদেশে রোবোটিক সার্জারির বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ঝং ওয়াং সমাজসেবা ও গবেষণায় সোসাইটি অব ইন্টারন্যাশনাল ইউরোলজি (এসআইইউ) ফেলো হিসেবে অধ্যাপক ডা. রফিকুল ইসলামের পেশাগত দক্ষতা, চিকিৎসাবিজ্ঞানের প্রতি নিষ্ঠা এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের আধুনিকায়ন নিয়ে তার ভাবনার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ইউরোলজি ও অ্যান্ডোইউরোলজির মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তবে রোবোটিক সার্জারিকে টেকসই ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে কেবল অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনই যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ সার্জন ও প্রশিক্ষিত ওটি টিম তৈরি, নিয়মিত হাতে-কলমে প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো।

তিনি চীনের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভরতার প্রশংসা করে বাংলাদেশি চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ, যৌথ কর্মশালা ও কারিগরি সহযোগিতায় দেশটির সমর্থন কামনা করেন। পাশাপাশি টেলিসার্জারির (দূরনিয়ন্ত্রিত অস্ত্রোপচার) সম্ভাবনা তুলে ধরে এ বিষয়ে কারিগরি প্রস্তুতি ও প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেন। ডা. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন শুধু উন্নত যন্ত্রপাতি আমদানির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, প্রযুক্তি ব্যবহারে দেশীয় দক্ষ জনবল তৈরিতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে।

আলোচনা সভা শেষে পুডং গংলি হাসপাতালের পক্ষ থেকে অধ্যাপক ডা. রফিকুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বিভাগীয় প্রধান অধ্যাপক ঝং ওয়াং।

উল্লেখ, এসআইইউ ফেলো হিসেবে পুডং গংলি হাসপাতালের আমন্ত্রণে রোবোটিক সার্জারির ওপর বিশেষ প্রশিক্ষণের উদ্দেশে গত ২৫ অক্টোবর চীনে যান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন