তিন দিনের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের আল্টিমেটাম জাতীয় শ্রমিক শক্তির

তিন দিনের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের আল্টিমেটাম জাতীয় শ্রমিক শক্তির

চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’। একই সঙ্গে শ্রমিক আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার স্পষ্ট বার্তা দিয়ে আগামী তিন দিনের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় শ্রমিক শক্তির পক্ষ থেকে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় এবং বর্তমান পরিস্থিতিকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, সরকার ও মালিকপক্ষ মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসিয়েছে, যা সাধারণ শ্রমিক ভাইয়েরা মানছেন না। বিভিন্ন সময়ে সরকারের অপরিপক্ক সিদ্ধান্তের কারণেই আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে। শিল্প রক্ষার স্বার্থেই বাজারের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে।

জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, বিগত দিনগুলোতে আমরা বারবার দাবি জানিয়ে আসছি মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণ করতে, অথচ শ্রমমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা ব্যর্থ শ্রমমন্ত্রীর পদত্যাগ চাই। আগামী ৩ দিনের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করতে হবে।

সংগঠনটির সদস্য সচিব রিয়াজ মোর্শেদ বলেন, প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ, আপনারা শ্রমিকদের আন্দোলনে হামলা করবেন না; আমরা আওয়ামী আমলের পুলিশ দেখতে চাই না। শ্রমিক ভাই-বোনেরা আপনারা ভয় পাবেন না, শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করুন। আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার হামলা চালালে সারা দেশের ছাত্র-শ্রমিক-জনতা আপনাদের পাশে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিভিন্ন স্থানে কতিপয় রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ধরনের দমনপীড়ন অব্যাহত থাকলে সাধারণ শ্রমিকদের এই আন্দোলন আরও বৃহত্তর ও ভিন্ন রূপ নিতে পারে বলে তারা সতর্ক করেন। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে সরকারকে অতি দ্রুত সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক আরমান হোসেন ও কেন্দ্রীয় সংগঠক শেখ রুবেল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন