বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা আবারো শেখ হাসিনার পুরনো কৌশলের পথেই এগিয়ে চলেছে।
রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন অবাধে প্রবেশ করছে, অথচ সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। ভারতের সঙ্গে যে বন্ধুত্ব, তা প্রকৃত বন্ধুত্ব নয়—তারা বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালায়। অথচ বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, যা অনেক দেশের কাছেই ঈর্ষণীয়।
রিজভী বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। এ দেশের মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেয়েছে। তাঁরা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে, আপসহীন এক নেতৃত্বের প্রতীক।
বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করে রিজভী বলেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নিরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি এই নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদ কীভাবে দেশ ত্যাগ করেন? তাঁর লাল পাসপোর্ট কি এখনো বৈধ? উপদেষ্টারা থাকতেও কেন এসব রোধ করা গেল না?
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

