জাতীয়তাবাদী সমমনা জোটও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়

জাতীয়তাবাদী সমমনা জোটও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোট।

বিজ্ঞাপন

শনিবার সকালে এক যৌথ বিবৃতিতে এই দাবি জানায় ১০ দলীয় এই জোটটি।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি সময়সীমা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে সমমনা জোটের শীর্ষ নেতারা বলেন, আমরা মনে করি- রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় জাতীয় নির্বাচনের জন্য ওই সময় উপযুক্ত নয়। তাছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয়- এমন কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি। অধিকন্তু দেশের গণতন্ত্রকামী অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে। তাই আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করছি।

তারা আরও বলেন, সরকারকে বলব, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর দাবি এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপনারা জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়টি পুনর্বিবেচনা করুন এবং নির্বাচনকে অহেতুক প্রলম্বিত না করে জনআকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দ্রুততম সময়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন।

বিবৃতিতে সাক্ষর করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন এবং পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন