সালাউদ্দিনসহ বিএনপি নেতাদের যে আহ্বান জানালেন সারজিস

সালাউদ্দিনসহ বিএনপি নেতাদের যে আহ্বান জানালেন সারজিস

দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদসহ দলটির অন্য নেতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে সারজিস বলেন, ‘‘আজকে বিএনপির সালাউদ্দিন ভাই বলেছেন "চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া।"

বিজ্ঞাপন

এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।’’

তিনি আরও বলেন, ‘‘সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহিদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়।’’

সারজিস আলম বলেন, ‘‘তাই সালাউদ্দিন ভাই সহ বিএনপির কাছে আহ্বান থাকবে- নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান। এতো বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মত বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়।’’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন