যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে নির্বাচনের কথা বলতে হবে। নির্বাচনের পক্ষে বলতে হবে, নির্বাচন ডিনাই করে আমরা দেশ চালাতে পারবো না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'জনদুর্ভোগ ও স্থানীয় সরকার নির্বাচন' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন আপনি চোরকে ভোট দেন, তাহলে ক্ষমতায় গিয়ে সে চুরিই করবে। তার জন্য আপনি তাকে দোষ দিতে পারবেন না। তাই আপনারা ঠিক করেন যে, আমরা ভোট দিবো কিন্তু চোর-তস্করকে ভোট দিবো না। সেটার ক্যাম্পেইন করেন। খালি নির্বাচনের বিরুদ্ধে বললে কিন্তু কোন লাভ হবে না। বরং নিজে নিজের পায়ে কুড়াল মারবেন।
মান্না বলেন, মানুষ কেন যেনো বিশ্বাস করতে চায় না, এরপর নির্বাচিত যে সরকার আসবে, সে সরকারটা ভালো হবে। তাহলে কি করবে, নির্বাচন দিবে না? নির্বাচিত সরকারের উপর যদি বিশ্বাস না হয়, তাহলে কয়েকদিন আগে যে ক্যাম্পেইন হলো, ড. ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকেন। কিন্তু আমি বলি, উনি কিভাবে থাকবেন? আমি সবার বিবেকের কাছে জানতে চাচ্ছি, উনি কি ভোট ছাড়া থাকবেন? এটা কি উচিত হবে মনে করেন?
তিনি আরও বলেন, আজকে উনাকে যেভাবে ভালোবাসছেন, পাঁচ বছর ক্ষমতায় থাকলে কি এরকম ভালোবাসা নিরন্তর থাকবে? কোন কিছুর দাম বেড়ে গেলে, কড়া বক্তৃতা, বিবৃতি দিলেইতো আপনাদের মন খারাপ হয়ে যাবে। সুতরাং পাঁচ বছর বিনা ভোটে থাকলে সেটা কোন ভালো কাজ হবে না।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গণশক্তি সভার চেয়ারম্যান সাদেক রহমান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

