আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

আমার দেশ অনলাইন

নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সপরিবারে ভোট প্রদান শেষে সাংবাদিকদের আলাপকালে এ ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে। এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

তিনি বলেন, আমরা জয়ের ব্যাপারে দৃড়ভাবে আশাবাদী। আমরা বিজয় লাভ করলে সব চেয়ে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ভোটের পরিবেশ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, মাত্র তো ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষটা না দেখে কেমন করে বলব? আমি অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী। আমি দৃঢ়ভাবে আশাবাদী।

তিনি বলেন, প্রয়োগ করে এসেছি ভোটের অধিকার। বিগত একযুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে, দেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, সারা বাংলাদেশের খবর আমি এখনো পায়নি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আইনশৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। যা গতকাল ভোর পর্যন্ত আমরা টেলিভিশনে দেখেছি।

আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন। ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

একই কেন্দ্রে ভোট দেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন।

প্রসঙ্গত, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৯৫৮ ভোটকেন্দ্রে বিরতিহীন চলবে এই ভোটগ্রহণ। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। আর এই নির্বাচিত সরকারের দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের প্রথম ধাপ পার করবে। দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে। দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন