নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের একাংশ। গতকাল সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি করে আসছি। বিগত ফ্যাসিস্ট হাসিনার পতনের লক্ষ্যে অসহযোগ আন্দোলন ও এক দফা দাবি আদায়ে সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। এই আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনার পেটুয়া বাহিনী কর্তৃক আমরা শারীরিকভাবে নির্যাতন এবং হত্যা মামলা ও বিভিন্ন গায়েবি মামলার স্বীকার হই। এরপরও আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। অথচ গত ০১/০৩/২০২৫ রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের নির্যাতিত ও ত্যাগীদের বাদ দিয়ে এক পক্ষীয়ভাবে খুনি হাসিনা পতনে এক দফা আন্দোলনে যাদেরকে সক্রিয়ভাবে রাজপথে দেখা যায়নি তাদের দিয়ে এই কমিটি প্রকাশিত হয়। উক্ত কমিটি প্রকাশিত হওয়ার সাথে সাথে রামগঞ্জ উপজেলা ও পৌরসভার পদ বঞ্চিত নির্যাতিত ত্যাগী নেতাকর্মীরা উক্ত কমিটি বাতিলের জন্য বিক্ষোভে ফেটে পড়ে ও সংবাদিক সম্মেলন করে। অত্যন্ত পরিতাপের বিষয় প্রকাশিত কমিটির উপজেলা যুবদলের আহ্বায়ক ও যুগ্ম-আহবায়ক এবং পৌরসভার আহ্বায়ক একই পরিবারের এবং একই বাড়ির পদায়ন করা হয়েছে। এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভা যুবদলের সদস্য সচিব ও যুগ্ম-আহ্বায়ক একই ওয়ার্ডের। উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ অধিকাংশ সদস্য স্বীকৃত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। বিগত ফ্যসিস্ট আমলে নেতা কর্মীরা জেলে গেলে তাদেরকে জামিনে মুক্ত করেছি। নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রসীদের দ্বারা আঘাত প্রাপ্ত হলে আমরা চিকিৎসাসেবা প্রদান করেছি।

নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৫ মার্চ নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। ওই সংবাদ সম্মেলনে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত ১৭ বছর ধরে ত্যাগের শিকার ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি দেওয়া হয়েছে। ১ মার্চ রাতে ফেসবুকে প্রচার করা কমিটিগুলোর প্যাডে তারিখ ছিল না। কমিটিতে ত্যাগী ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের স্থান দেওয়া হয়নি। এজন্য ৪টি দাবি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন বেগ, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, যুবদল নেতা মারুফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক শেখ, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, করপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

