দেশটির রাজাকে লেখা বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র হস্তান্তর

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি স্পেনের মহামান্য রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন।

সোমবার সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর যোগ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন