উদীয়মান চাঁদ প্রতীকে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয়তাবাদী সমমনা ‘গণদল’।
রোববার সকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে নিবন্ধনের আবেদন পত্রটি তুলে দেন।
এ সময়ে তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব আবু সৈয়দ, অতিরিক্ত মহাসচিব নূরুল কাদের চৌধুরী, কোষাধ্যক্ষ রুহুল কাদের মানিক ও কেন্দ্রীয় নেতা নাবিল সিকদারসহ আরও অনেকে।
পরে সাংবাদিকদের এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন সংগ্রামের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার দমন-পীড়নের মাধ্যমে আমাদের নিবন্ধনের সুযোগ বাধাগ্রস্থ করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করায় সকল রাজনৈতিক দলের মতো আমাদেরও নিবন্ধনের সুযোগ সৃষ্টি হয়েছে।
এসময় গোলাম মাওলা চৌধুরী আরো বলেন, ১৭ বছর জেল-জুলুম ও বিরোধী মত দমনের মাধ্যমে দেশজুড়ে রাজনৈতিক শূণ্যতা সৃষ্টি করা হয়। ৫ আগস্টের পর স্বল্প সময়ের মধ্যে গণদল দেশব্যাপী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে। তাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে গণদল আগে রাষ্ট্র সংস্কার ও বিচার এবং এরপরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষের শক্তি হিসেবে দলীয় নিবন্ধন প্রত্যাশা করে।
গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ এবং সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠায় আগামী দিনেও গণদল জাতীয়তাবাদী শক্তির পক্ষে ভূমিকা রাখবে বলে মত দেন এটিএম গোলাম মাওলা চৌধুরী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

