দাবি আদায়ে প্রয়োজনে যমুনা ব্লকেড

শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা

শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করুন; নইলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ব্লকেড করা হবে। বৃহস্পতিবার শাহবাগ মোড়ে দিনভর (সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৮ ঘণ্টা) অবরোধ শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে সকাল দশটার পর অবস্থান নেয়। তারা বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে অবস্থান নেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগে কর্মসূচি পালন করে যাচ্ছি কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমার ভাই সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারে কোন পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। শান্তিপূর্ণ কর্মসূচি সব সময় শান্তিপূর্ণ নাও থাকতে পারে; আশা করব সরকার দ্রুত খুনিদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেবে।'

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল দশটার আগে থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হতে থাকেন। সকাল ৯টার পর শাহবাগ মোড়ে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বেলা যত বাড়তে থাকে, নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ততই বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবরোধে যোগ দেন। তারা সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'উই ওয়ান্ট জাস্টিস', 'বিশ্ববিদ্যালয়ে ছাত্র মরে, ইন্টেরিম কি করে' - এরকম নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ মোড় এলাকা।

ছাত্রদল সভাপতি বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে সাম্যের খুনিরা ধরা পড়ছে না। ঢাবি প্রশাসনের তাদের আচরণ সন্দেহজনক। সেনাবাহিনী মাঠে সক্রিয় আছে কিন্তু পুলিশ কি ভূমিকা পালন করছে সেটা আমাদের বোধগম্য নয়। এখনো পর্যন্ত এই সরকারের নয় মাসের কোন কার্যক্রমই দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যাচ্ছে না।' এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন তিনজনকে বুধবার আটক করা হয়েছে। শাহবাগ থানার ওসি খালেদ মুনসুর জানান, ছাত্রদল নেতা-কর্মীরা দিনভর শাহবাগ মোড় ব্লকেডের পর বিকেলে সড়ক ছেড়ে যায়। অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকলেও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা জানানো হয় বিবৃতিতে।

অবরোধের কারণে শাহবাগ অঞ্চল দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে। অন্যদিকে মৎস্য ভবন ও কাকরাইল মসজিদের সামনের মোড় ইশরাক হোসেনের সমর্থকরা অবরোধ করে রাখায় সেদিকেও যানবাহন চলাচল করেনি। মৎস্য ভবন থেকে শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে বিকেল ৫টার পর শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়। বৃষ্টি, সড়কে খোড়াখুড়ি ও অবরোধের কারণে রাজধানীজুড়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। বিকল্প সড়ক ব্যবহার করতে ডিএমপির ট্রাফিক বিভাগ চেষ্টা করলেও যানজটের ধকল থেকে রেহাই পাননি ঢাকাবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন