ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলাম পৃথিবীতে ভিন্নধর্মীদের অধিকার সবচেয়ে বেশি নিশ্চিত করে উল্লেখ করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, দেশের সব নাগরিকের ধর্মীয় ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালনের অবারিত সুযোগ কেবল ইসলামী রাষ্ট্রকাঠামোতেই সবচেয়ে বেশি রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আশরাফুল হক বলেন, "হিন্দুরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবে এবং সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু কোনো মুসলমান অন্য ধর্মের পূজাপার্বণ ও উৎসবকে নিজেদের বলে দাবি করতে পারবে না এবং তাতে অংশ নিতে পারবে না; ইসলামে এটি সরাসরি নিষিদ্ধ।"

তিনি আরও বলেন, "বর্তমানে দেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব চলছে। স্বাধীনভাবে তাদের এই ধর্মীয় উৎসব পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, তা সরকার নিশ্চিত করবে। তবে হিন্দুদের ধর্মীয় উৎসবে যাওয়া, আবেগাপ্লুত হওয়া, হিন্দুদের উৎসবকে নিজেদের উৎসব বলে দাবি করা এবং সেগুলোকে ‘সবার উৎসব’ বলা—ইসলাম কখনো সমর্থন করে না।"

সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মুফতি আলাউদ্দিন কাসেমী ও সংগঠন সচিব মাওলানা আনোয়ার হোসেন আনসারী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন