দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যে দেশের সাধারণ মানুষের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির আমির আল্লামা আব্দুল কাইয়ূম সোবহানী এবং মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার এই এই উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। বাজারে কার্যকর তদারকির অভাব, অসাধু সিন্ডিকেট ও মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
তারা আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে গ্যাস ও বিদ্যুতের সংকট শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
বিবৃতিতে তারা সরকারের প্রতি বাজার তদারকি জোরদার করা, অসাধু মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তারা আশা প্রকাশ করেন, জনগণের কষ্ট লাঘব, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে তারা দেশের সকল দায়িত্বশীল ব্যক্তি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের প্রতি সংকট নিরসনে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেজামে ইসলাম পার্টির নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


