আয়নাঘর পরিদর্শনে গেলেও ইলিয়াস আলীদের বাসায় যাননি কেন, সরকারের কাছে প্রশ্ন দুদুর

আয়নাঘর পরিদর্শনে গেলেও ইলিয়াস আলীদের বাসায় যাননি কেন, সরকারের কাছে প্রশ্ন দুদুর

অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার ৫ মাস পরে আয়না ঘরে গিয়েছিলেন। কিন্তু যারা গুম হয়েছে তাদের বাসায় যাননি কেন? অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা কেউ তার বাসায় যাননি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ইলিয়াস আলীসহ ছাত্র-যুবকসহ অসংখ্য নেতাদের শেখ হাসিনা গুম করেছে। তার জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছি।

দুদু বলেন, এই সরকারের কাজ-কর্মে দেশবাসী উদ্বিগ্ন। তারা আসলে কী চায় তা বোঝা যায় না। বিএনপি যাতে দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে, সেজন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হচ্ছে বলেও আমরা মনে করি।

এ সময় সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন