বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্রব্যবস্থার সংস্কারের জন্য জনগণ জুলাই বিপ্লবে জীবন দিয়েছে এবং গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আজ হোক, কাল হোক, মানতে বাধ্য করা হবে।
রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়।
রফিকুল ইসলাম খান বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি সরকার গণভোটের রায় বাতিল করে দিয়েছে। যে সরকার দেশের ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় বাতিল করে, তাদেরকে জনগণের সরকার বলা যায় না।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, কোনো ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশের জনগণ বেশিদিন বরদাশত করেনি, করবে না। হাসিনার পথে হাঁটলে হাসিনার মতোই বিদায় নিতে হবে।
তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও মেনে নিতে চায়নি। পরবর্তীতে আন্দোলনের তোপে নাকে খড় দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে বিদায় হয়েছিল। এখনো সময় থাকতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। তবে যারাই জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদেরকেই নিঃশেষ হতে হয়েছে। কেউ জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামাতে পারেনি, পারবে না।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, যারা বিপ্লবের ফসল ভোগ করছে, তারা বিপ্লবকে অস্বীকার করছে। বিপ্লব-পরবর্তী সরকার জনগণের সরকারে পরিণত হতে পারেনি। তারা বিএনপির দলীয় সরকারে পরিণত হয়েছে। যার কারণে তারা সর্বত্র দলীয়করণ করছে।
তিনি বলেন, যারা কথা দিয়ে কথা রাখে না, তারাই প্রতারক, তারাই মোনাফেক। বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে, মোনাফেকি করছে।
জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, জুলাইয়ের চেতনাই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই, জনগণের অধিকার আদায়ের লড়াই, শোষণ ও জুলুমের বিরুদ্ধে লড়াই। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সেই লড়াই চলবেই। যতক্ষণ না গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলতেই থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


