নুরের ওপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নুরের ওপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপরে বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার বিকালে বায়তুল মোকররমে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, নুরুল হক নুরের মতো ফ্যাসিবাদ বিরোধি পরিচিত নেতাকে যে নৃশংসতায় হামলা করা হয়েছে তাতে দেশ কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, নাকি বিদেশি কেউ চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন মহাসচিব আরো বলেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে পুলিশ বাহিনী অনেক আগে থেকেই কলুষিত। গতকালের ঘটনার মধ্য দিয়ে জাতির গৌরব সেনাবাহিনীকেও কলঙ্কিত করা হয়েছে। এর পেছনে কারা ক্রিড়ানকের কাজ করছে তা খুঁজে বের করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকামহানগর উত্তর ও দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের অগ্রপথিক নুরের ওপরে এভাবে হামলা কল্পনাও করা যায় না। এর পেছনে ইন্ধন দাতা কারা তা জাতি জানতে চায়। তিনি সতর্ক করে বলেন, জাতীয় পার্টির মতো নগ্ন দালালদের ব্যবহার করে কেউ সুযোগ নিতে চাইলে তা প্রতিহত করা হবে।

সমাবেশে ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম বলেন, নুরসহ আমাদের প্রচেষ্টায় গঠিত এ সরকারের পুলিশ ও সেনা সদস্যরা নুরের ওপরে যে স্টাইলে হামলা করেছে তাতে বোঝা যায় এটা কোন আকস্মিক হামলা না বরং পরিকল্পিত হামলা। জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই তার ওপরে এভাবে হামলা করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, ফ্যাসিবাদ এখনো শেষ হয় নাই। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জাপাকে নিষিদ্ধ করতে হবে। জাপার কোন সদস্যকে নির্বাচন করতে দেয়া যাবে না।

সমাবেশ শেষে একটি মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে বিজয় নগরে শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন