আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাওলানা হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে তিনি বলেন, মাওলানা যুক্তিবাদী তার ওয়াজে কুরআন-সুন্নাহর বক্তব্য হিকমত ও যুক্তির সঙ্গে মানুষের সামনে উপস্থাপন করতেন। যুক্তিনির্ভর ও প্রাঞ্জল বয়ানের কারণে তিনি দেশে-বিদেশে ‘যুক্তিবাদী’ উপাধিতে সমধিক পরিচিতি লাভ করেন।

শোকবার্তায় তিনি আরো বলেন, মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তিকালে জাতি একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী বক্তাকে হারাল। তিনি আজীবন ওয়াজ-নসিহতের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করা এবং মানুষের উন্নত নৈতিক চরিত্র গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন