নাহিদ ইসলাম

মে দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ, পরিবর্তন আসেনি শ্রমিকের ভাগ্যে

স্টাফ রিপোর্টার

মে দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ, পরিবর্তন আসেনি শ্রমিকের ভাগ্যে

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান এবং শ্রমিকদের অধিকার নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

বিজ্ঞাপন

১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে ‘দিনে আট ঘণ্টার বেশি শ্রম নয়’—এই মানবিক দাবিতে রাজপথে নামা শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “শ্রমিকদের রক্তে ভিজেছিল শিকাগোর রাজপথ। সেই রক্তের ওপর দাঁড়িয়ে আজ সমগ্র বিশ্ব মে দিবস পালন করছে। সেদিনের সকল শহিদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।”

বিবৃতিতে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে মে দিবস পালন করা হচ্ছে। তবে তা কেবলই আনুষ্ঠানিকতা সর্বস্ব; যা ব্যানার, বক্তব্য ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কার্যত শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সামান্যই।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী আমলে ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে। শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে বহুবার। এমনকি দীর্ঘ ১৩ বছর পার হলেও আমরা এখনো রানা প্লাজা ট্র্যাজিডির বিচার পাইনি।”

জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, “এই দেশের শ্রমজীবী মানুষ রক্ত দিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।”

আন্তর্জাতিক শ্রমিক দিবসে নিজের প্রত্যয় ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলা, যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার এবং ন্যায্য প্রাপ্য পুরোপুরি নিশ্চিত থাকবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...