দল-মতের উর্ধ্বে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে: গোলাম পরওয়ার

দল-মতের উর্ধ্বে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে: গোলাম পরওয়ার

খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে দল-মতের উর্ধ্বে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

তিনি বলেন, খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত সব কর্মসূচি সফল করতে হবে। খুলনার এয়ারপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আমাকে জানিয়েছেন। এ বিষয় নিয়ে আমি পার্লামেন্টেও কথা বলেছি।

তিনি আরো বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য সকল আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমাদের এক সাথে বসার সুযোগ হয়েছে। জামায়াত কার্যালয়ে বসে মতবিনিময় করতে পারছি। এ জন্য প্রথমে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।

রোববার দুপুর একটার দিকে নগরীর রয়্যাল মোড়ে খুলনা মহানগরী জামায়াত কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সহ-সভাপতি মো. নিজাম-উর-রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মো. আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, মোল্লা মারুফ রশীদ, সরদার রবিউল ইসলাম রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. সরদার রফিকুল আলম, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মৎস্য ও বন বিভাগ সম্পাদক এস এম মুর্শিদুল রহমান লিটন, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফরাজি, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, খলিলুর রহমান, আব্দুল খালেক শিকদার, এইচ এম আলাউদ্দিন, প্রমিতি দফাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই স্বাগত বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। এ সময় তিনি বলেন, ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৬ এপ্রিল খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন ও জেলা প্রসাশকের নিকট স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান।

এ কর্মসূচি সফল করার জন্য খুলনার সকল রাজনৈতিক ও নাগরিক নেতাদের সঙ্গে মতবিনিময় করার অংশ হিসেবেই আজকের এই মতবিনিময় সভা। তিনি ওই কর্মসূচিতে খুলনার সকল নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান। এ ছাড়া ২৫ এপ্রিল ১৪৩-তম খুলনা দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন