জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নাই। তবে নির্বাচন আর ক্ষমতায় যাওয়ার রাজনীতির আড়ালে সংস্কার আর বিচার হারিয়ে গেলে তা হবে দুঃখজনক।
শুক্রবার বিকালে শফিউল আলম প্রধান মিলনায়তনে, জাগপা’র যৌথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, নির্বাচন হতে হবে, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার হতে হবে, প্রশাসনসহ সকল জায়গা আওয়ামী দোসরমুক্ত হতে হবে, ভারতীয় হস্তক্ষেপমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতে হবে, দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল এবং ফ্যাসিজমের দোসর রাজনৈতিক সংগঠনদের বিচার করতে হবে। আর তাই আমরা শুধুমাত্র নির্বাচনী রোডম্যাপ নয়, বরং একইসাথে সংস্কারের রোডম্যাপ চাই, বিচারের রোডম্যাপ চাই। আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপ চাই।
জাগপা’র যৌথসভায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদ এবং মানবিক করিডরের বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়। জাগপা’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। যৌথসভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে, তার রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
যৌথ সভায় আরও অংশগ্রহণ করেন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, মো. রওশন আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

