সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ফাইল ছবি

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বিজ্ঞাপন

জানা গেছে, গ্রেপ্তারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। সেসময় আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

এ ছাড়া এসব হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...