কালচারাল ফ্যাসিস্টদের মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। শনিবার ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থান ১ বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের শেখ মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছি। যতোটুকু বুঝলাম, এদেরকে প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি রসদ জুগিয়েছে। আরো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় 'র' এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার উপর ভর করবে আপা! আমি কেন এই সরকারের কতিপয় উপদেষ্টার সমালোচনা করি? কারণ আমি জানি, কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে। অর্থাৎ শুধুমাত্র হাসিনার পতন হলেও পুরো ফ্যাসিবাদী কাঠামো এখনো বিদ্যমান।
তিনি আরো বলেন, আপনি এই দেশের পরিবর্তনের লক্ষ্যে পুঁথিগত সংস্কার করে কি করবেন? হাসিনার কর্মকর্তারা আপনার সংস্কার বাস্তবায়ন করে দিবে? হাসিনার লোকগুলোকে সর্বত্র বসিয়ে রাখা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে। এই অবস্থায় কোন পুঁথিগত সংস্কার বাস্তবায়ন হবেনা। ১ বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন। পরের বছর এরা মিছিল দিবে, তখন? আরে, শেখ মুজিবের শাসন ছিলো হাসিনার থেকেও ভয়ংকর।
রাশেদ খান আরো বলেন, তার অবৈধ কাজের বৈধতা দান ও অপরাধের সাম্রাজ্যকে রক্ষা করা জন্য সে একটা আলাদা বাহিনী পর্যন্ত তৈরি করেছিলো। শেখ মুজিবের শাসন কেমন ছিলো ঐসময়কার জাসদের নেতাদের থেকে জেনে নিয়েন। রক্ষী বাহিনীর সন্ত্রাসীরা ট্রাকের পিছনে দড়ি দিয়ে জীবন্ত মানুষকে বেঁধে ট্রাক চালাতো। এতে পুরো শরীরের চামড়া ছুলে যেত। এই শেখ মুজিবের বন্দনা করে আবারও সেই শাসন ফিরিয়ে আনতে চান? আহা বাকশালিরা!
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

