৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—আজ এবং আগামীর প্রতিটি ৫ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন।

মঙ্গলবার সকালে দলটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে তারেক রহমান বলেন—বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। জনগণকে আইন নিজে হাতে তুলে না নেওয়ার অনুরোধ করে মব ভায়োলেন্সকে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। খবর বিবিসি বাংলার।

তিনি বলেন—আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের। দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

বাংলাদেশের জনগণ প্রতিবছর এই দিনটিকে ‘স্বাধীনভাবে সানন্দে’ সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে বলে মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের আমলে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সব সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন—স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না।

জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা প্রয়োগের মাধ্যমে জনগণকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন