বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্র এখন ষড়যন্ত্রের শিকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপি (ছাত্র-জনতা) ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে তাদের পতন ঘটিয়ে বিদায় করেছে।
বুধবার বিকালে শহরের কানাইখালীতে জুলাই শহীদদের স্মরণে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, সম্প্রতি সে বিএনপি-জামায়াত ও এনসিপির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা নিষ্কলঙ্ক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবাবের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা প্রচার চালানো হচ্ছে। বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এতে করে ফ্যাসিস্ট আওয়ামীবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা নষ্ট হচ্ছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ এতে সুবিধা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের সব বিভেদ ভুলে গিয়ে সবাইকে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিস্টবিরোধী শক্তির ঐক্যে ফাটলের সুযোগ নিয়েই গোপালগঞ্জে আজ এনসিপির পূর্বনির্ধারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলার সাহস দেখিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

