নির্বাচনি রোডম্যাপ দিতে দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল

নির্বাচনি রোডম্যাপ দিতে দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে

নির্বাচনি রোডম্যাপের ঘোষণা দিতে দেরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি অন্তর্বর্তী সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা এবং ক্ষমতা আছে, যার শুরু নির্বাচনি রোডম্যাপের জরুরি ঘোষণা দিয়ে। এটি যত বেশি বিলম্বিত হবে, তত বেশি ঝুঁকি থাকবে যে, জাতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল চোখের চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি এই পোস্ট করেন। পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসার কারণে আমি আরো কয়েকদিন বিমানে যেতে পারব না। তা সত্ত্বেও, আমি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ইতিবাচক ফলাফলের জন্য যা করা সম্ভব তা করছি।’

পোস্টে বিএনপি মহাসচিব বলেন, ‘গতকালের বৈঠকটি অনুষ্ঠিত হতে দেখে আমি আনন্দিত হয়েছি এবং গণতান্ত্রিক উত্তরণ, গত ১৫ বছরে (জুলাই ’২৪ সহ) অন্যায়ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার এবং অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে স্পষ্ট অগ্রগতির জন্য আমি উন্মুখ।’ এ সময় মির্জা ফখরুলের আহ্বান, ‘আসুন বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্র ও জবাবদিহির পথে নিয়ে যাওয়ার এই সুযোগটি হাতছাড়া না করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন