অবিলম্বে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা। গতকাল রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এই সময়ের জন্য জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। এই জাতীয় ঐক্যের ভিত্তিতেই এখানে বিচার, সংস্কার ও নির্বাচনের দায়িত্ব এই সরকারের উপরে অর্পিত হয়েছে।
সংগঠনটির নেতারা এই মুহূর্তে পারস্পারিক দোষারোপ, দায় চাপিয়ে দেওয়া, কিংবা বিভাজনের মাধ্যমে দেশকে সংকটের মুখে ঠেলে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে সচেতনভাবে প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্য বজায় রাখতে সকল দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও ২৪ এর অভ্যুত্থান দ্রুতই হয়ে উঠেছে এদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর এক সম্মিলিত লড়াই। ২৪ এর গণঅভ্যুত্থান দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এক নতুন বাংলাদেশ নির্মাণের। গণঅভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না।
নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য বজায় রাখতে ও পারস্পরিক দূরত্ব কমাতে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই মাসের ভেতরেই জুলাই সনদ তৈরি এবং জুলাই সনদ এর ভিত্তিতে এ মুহূর্তে যেসব সংস্কার করা সম্ভব সেগুলো যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

