একটি আইফোনের জন্য সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার এক বিবৃতিতে এ দাবি জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিবৃতিতে জমিয়তের নেতারা বলেন, সামান্য একটি বস্তুগত সম্পদের জন্য কোমলমতি শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা মানবিকতার চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এ নৃশংসতা আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা বলেন, অপ্রতীমের মতো নিষ্পাপ একটি শিশুর প্রাণহানি শুধু তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, এটি গোটা সমাজের জন্যও গভীর উদ্বেগের বিষয়। অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি থেকে রেহাই পেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার সপ্তম শ্রেণিপড়ুয়া একমাত্র সন্তান ছিলেন অপ্রতীম। সন্তান হারিয়ে একজন মায়ের বুক খালি হওয়ার এই বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষাও খুঁজে পাওয়া কঠিন। অপ্রতীমের পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।
জমিয়তের নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপ্রতীম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর সামাজিক ও আইনগত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।
বিবৃতিতে অপ্রতীমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে নিহত অপ্রতীমের আত্মার শান্তি কামনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


