ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে প্রকাশ্য বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় নেতারা আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও পক্ষসমূহের মধ্যে প্রকাশ্য বিভেদ ও কাদা ছোঁড়াছুঁড়ি হতাশাজনক। এতে পতিত ফ্যাসিস্ট-স্বৈরাচার ও তার দোসররা লাভবান হবে। দায়িত্বশীল পর্যায়ে থেকে সকলকে আরো সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। আর সরকারের উচিত প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা।
বুধবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। এতে নির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলাফত মজলিষ নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেয়ার কোন উদ্যোগ গ্রহণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সঠিক হবে না। এর সাথে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ। বরং দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দেশীয় জনবল দিয়েই বন্দরে বিরাজমান সংকট সমাধান সম্ভব। কক্সবাজার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরটিও দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে পারলে চট্টগ্রাম বন্দরের সংকট আরো সমাধান হবে।
তারা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ গণ-অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে আরো সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আকাশ প্রতিরক্ষা জোরদার সহ সশস্ত্র বাহিনী আধুনিকায়নের লক্ষ্যে এবারের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জোর দাবি জানাচ্ছি। কোরবানি পশু ও চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে এখন থেকেই সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানাচ্ছি। বৈঠকে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা সমূহ বাতিলের দাবি জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

