পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা এবং সেনা-পুলিশের ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ এবং সংবিধান সংস্কার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। পরিচালনা করেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকে নেতারা বলেন, গত কয়েক দিন ধরে খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলের পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় তিন হাজার পর্যটককে অবরুদ্ধ করে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে তাঁরা অভিযোগ করেন। পর্যটকদের উদ্ধারে গেলে গত বৃহস্পতিবার সেনাসদস্য ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সেনাসদস্য ও পুলিশ সদস্যসহ অন্তত নয়জন আহত হন বলে বৈঠকে উল্লেখ করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতারা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।

বৈঠকে জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা অবিলম্বে এসব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।

সংবিধান সংস্কারের বিষয়ে নেতারা বলেন, তাদের মতে, বিগত গণভোটে জনগণের সুস্পষ্ট রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে একতরফাভাবে ‘সংবিধান সংশোধন কমিটি’র মাধ্যমে ১৯৭২ সালের সংবিধান বহাল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা অবিলম্বে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন এবং গণরায় অনুযায়ী সংবিধানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের দাবি জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ ও অধ্যাপক সিরাজুল হক। এ ছাড়া যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন