তুচ্ছ ঘটনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

তুচ্ছ ঘটনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় গাছ রোপণ নিয়ে তুচ্ছ ঘটনায় মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে রাজধানী ঢাকার সুপারম্যাক্স হেলথ কেয়ার লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার মেম্বার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই এলকার কাসেম আলীর ছেলে এবং কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার ফিরোজ নিজের জমিতে শিমগাছ রোপণ করে বাঁশের বেড়া দেন। শুক্রবার দুপুরে পাশের বাড়ির কাজলের স্ত্রী জান্নাত বেড়া কেটে ফেলেন। পরে ফিরোজ বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাজল ফিরোজকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে ফিরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনরা তাকে দ্রুত ঢাকায় নিয়ে যান। সেখানে ঢাকার সুপারম্যাক্স হেলথ কেয়ার লিমিটেড নামের বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন