জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ গত ১৬ বছর মজলুমদের হত্যা করেছে, গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, দেশের অর্থ পাচার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিবস্ত্র করে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছে। সেই আওয়ামী লীগ আবার নতুন করে কোনো রাজনীতি করতে চায়? আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের ব্যাপারে জনগণের জিরো টলারেন্স।
রোববার সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে এক শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, শফিউল আলম প্রধান ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর স্বাধীন বাংলায় আওয়ামী দুঃশাসন মেনে নিতে পারেননি বলেই আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আওয়ামী লীগের ৬৪ জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলেন। শফিউল আলম প্রধান ৭৪ সালেই উপলব্ধি করেছিলেন আওয়ামী লীগ দেশের জন্য ক্ষতিকর। আজ তা পুরো জাতি অনুভব করতে পারছে। কথাবার্তা পরিষ্কার, ভালো আওয়ামী লীগ- খারাপ আওয়ামী লীগ বলে কিছু নেই। প্রয়োজনে আমরা ২৪-এর জুলাইকে ২৫-এ আবারও ফিরিয়ে আনবো কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের নীলনকশা মেনে নেওয়া হবে না।
যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপার সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, যুবনেতা শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, জনি নন্দী প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

