আইনজীবী প্রতিনিধি সভায় সাইফুল হক

গণতান্ত্রিক উত্তরণে বিচারব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে হবে

স্টাফ রিপোর্টার

গণতান্ত্রিক উত্তরণে বিচারব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে হবে

গণতান্ত্রিক উত্তরণে বিচারব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সেটাই সবচেয়ে ভালো সরকার যারা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে এগিয়ে আসে। সরকার তথা নির্বাহী বিভাগের সাথে পার্লামেন্ট ও বিচার বিভাগের যৌক্তিক ভারসাম্যমূলক সম্পর্ক না থাকলে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ক্রিয়াশীল থাকতে পারে না।

শুক্রবার (১৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় গণতান্ত্রিক আইনজীবী সংহতির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাইফুল হক আরো বলেন, আমাদের বিচারব্যবস্থার প্রধান সমস্যা রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ। উচ্চ আদালতের বিচারক নিয়োগে অনেক সময় রাজনৈতিক বিবেচনা কাজ করে বলে অনেক ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে বিচারকেরা মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে উপযুক্ত বিচার পাওয়া যাবে না। বিচারকদেরকে অবশ্যই মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আবশ্যিকভাবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে দিতে হবে। সামাজিকভাবে প্রান্তিক ও দুর্বল মানুষেরা ন্যায়বিচার পাচ্ছেন কি-না তার ওপর বিচার বিভাগের ওপর আস্থা ও তার কার্যকারিতা নির্ভর করছে। দেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচার বিভাগকে কোনোভাবে রাজনৈতিক বিরোধী বা ভিন্ন মতাবলম্বীদের দমনে ব্যবহার করা যাবে না। মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়। আশাবাদী নির্বাচিত সরকার স্বাক্ষরিত জুলাই সনদ ও জনপ্রত্যাশা অনুযায়ী বিচার ব্যবস্থা সংস্কারে অচিরেই প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

প্রবীণ আইনজীবী এডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

প্রতিনিধি সভায় এডভোকেট মাহবুবুল করিম টিপুকে আহ্বায়ক, অনিরুদ্ধ সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং এডভোকেট সুমন মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করে গণতান্ত্রিক আইনজীবী সংহতির ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় সভায় সংগঠনের খসড়া ঘোষণা ও গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন