আ. লীগের জঞ্জাল মুক্ত না করে নির্বাচন জাতি চায় না: মুজিবুর রহমান

আ. লীগের জঞ্জাল মুক্ত না করে নির্বাচন জাতি চায় না: মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগের বিগত ১৭ বছরের জঞ্জাল মুক্ত না করে জাতি কোনো নির্বাচন চায় না। জঞ্জাল মুক্ত করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার আগেই নির্বাচন দিলে, সেটি হবে একটি বিতর্কিত নির্বাচন।

শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি শুধু একটা পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি। অথচ এদেশের নাগরিকেরা সেই সংগ্রাম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ভাতের অধিকার, ভোটের অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতা অর্জনের দাবিদারদের হাতে আমাদের অর্জিত স্বাধীনতা লুন্ঠিত হয়েছে। যার কারণেই বাংলাদেশের ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা আর কাউকে নষ্ট করতে দেওয়া হবে না। কারো বাপের সম্পত্তি হবে না বাংলাদেশের নতুন স্বাধীনতা। স্বাধীনতা অর্জনকারী এদেশের ছাত্র-জনতা সহ সব ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর রব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান, কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, অ্যাডভোকেট এস. এম কামাল উদ্দিন, আব্দুস সালাম, অধ্যক্ষ নুর নবী মানিক, সৈয়দ সিরাজুল হক, কামরুল আহসান হাসান, শেখ শরিফ উদ্দিন, মাওলানা শরিফুল ইসলাম, মহানগরী প্রচার ও মিডিয়া সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন। এছাড়াও শিক্ষাশিবিরে মহানগরীর দক্ষিণের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন