প্রশ্ন মির্জা আব্বাসের

জনগণ চাইলে ক্ষমতায় আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন

জনগণ চাইলে ক্ষমতায় আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন

নির্বাচন বিলম্ব ইস্যুতে দেশের কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল। যার কারণে যা খুশি তা-ই হয়েছে। আপনারাও কি তা-ই ভাবেন? এই বাংলাদেশ কারও তালুকদারি নয়। এই বাংলাদেশ জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন। আমাদের যেন বে-হিসাবি কথা বলতে না হয়।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর শাহাজানপুরে রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহাজানপুর থানা বিএনপি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই অভিযোগ করেন।

আওয়ামী লীগের মত কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, এই দেশ কারো তালুকদারি নয়। অনেকে বড় বড় কথা বলছেন- জুলাই বিপ্লবে আপনাদের কতজন শহীদ হয়েছে? খোদ বিএনপিরই ৪২২ জন জীবন বিলিয়ে দিয়েছে। এই সময় রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অপকর্ম ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি ও দুষ্কর্ম করে বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়া হয় কিন্তু কোনও খারাপ লোকের জায়গা বিএনপিতে হবে না।

মির্জা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগের ধূর্ত কর্মীরাই এখন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলে ঢুকে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় তার টিকে থাকার চেষ্টাকরছে। তারা ছদ্মবেশ পরিবর্তন করে চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত

হচ্ছে। এরা অপকর্ম করে বিএনপির কর্মীদের নামে অপবাদ ছড়াচ্ছে। এদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু’র সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, মির্জা খোকন, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, কে সিকান্দার কাদির, সাইদুর রহমান মিন্টু, যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, কৃষক দল দক্ষিণের সভাপতি হাজী কামাল হোসেন, মহিলা দল দক্ষিণের সভাপতি রুমা আকতার, শ্রমিক দল দক্ষিণের সাধারণ সম্পাদক বদরুল আলম সবূজ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন