রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মানববন্ধনে স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম ইমনের নেতৃত্বে হামলা হয়েছে। হামলায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ হাসানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করে সংগঠনটি।
এতে বলা হয়, হবিগঞ্জে আলিফের চোখ উপড়ে ফেলা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা এবং কুড়িগ্রামে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক দিনার মিনহাজ ও নেত্রকোনায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শাহ আলমের ওপর হামলার প্রতিবাদে শনিবার পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করছিল ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স ঢাকা মহানগর দক্ষিণ।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনে হামলার নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইমন। ভিডিও ফুটেজে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হাদিস হাওলাদার ও মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইসলামও হামলার নেতৃত্ব দিয়েছেন। ইমন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামে একটি সংগঠনেরও আহ্বায়ক।
সূত্র জানায়, আজ বাদ আসর জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন শুরু হয়। কর্মসূচি চলাকালে ইমনের নেতৃত্বে একদল ব্যক্তি দিনের বেলায় মশাল মিছিলের নামে লাঠিসোঁটা নিয়ে সেখানে মহড়া দেন। পরে তারা ‘ভুয়া ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে মানববন্ধনে অংশ নেওয়া নেতাদের ওপর চড়াও হন।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি বলেন, পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। প্রেস রিলিজ কেড়ে নেওয়া হয়। স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের নেতৃত্বে হামলাটি চালানো হয়।
তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ‘ভুঁইফোড়’ সংগঠন তৈরি করে সহিংসতার জন্য ব্যবহার করা হচ্ছে। অতীতে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নাম ব্যবহার করে এ ধরনের সংগঠন তৈরি করেছিল। একই ধরনের কৌশল অনুসরণ করলে বিএনপিকেও এর পরিণতি ভোগ করতে হবে।
ওলামা অ্যালায়েন্সের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুফতি মাহমুদ হাসান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে ওলামা অ্যালায়েন্সের কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। আলেম-ওলামাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


