খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদকও।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নিপুণ বিশ্বাস। তিনি জানান, গত সোমবার পাবনা থেকে ঢাকায় ফেরার পথে অসুস্থতা অনুভব করলে শিমুল বিশ্বাসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

নিপুণ বিশ্বাস জানান, শিমুল বিশ্বাসের ফুসফুসজনিত সমস্যা থেকে শ্বাসকষ্ট ও ঘুমের সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসক দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা চিকুনগুনিয়াসহ আরো কয়েকটি পরীক্ষা দিয়েছেন। এছাড়া চিকিৎসকের পরামর্শে পরিবারের বাইরে কারও সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে।

এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খানের নির্দেশে সারাদেশের জেলা, মহানগর, ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিতে দোয়া মাহফিলের আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন