রাজধানীর গুদারাঘাট শ্যামলপল্লী বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার দুপুরে ভাষানটেক থানা জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য, মেডিক্যাল থানার আমির এবং ঢাকা-১৭ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
তিনি আগুনে ক্ষতিগ্রস্ত শ্যামলপল্লী বস্তি এলাকার বাসিন্দাদের খোঁজ-খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩ লাখ টাকা আর্থিক অনুদান ও ফুড প্যাকেট বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘব এবং তাদের সার্বিক সহযোগিতায় সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে মুক্তহস্তে এগিয়ে আসার আহ্বান জানান।
ডা. এস এম খালিদুজ্জামান বলেন, 'রাজধানী ঢাকায় আগুনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অপরিকল্পিত নগরায়ন, অনুমোদনবিহীন ইমারত নির্মাণ এবং অগ্নিনির্বাপনে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার না থাকায় এর অন্যতম কারণ। তাই অগ্নিদূর্ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।' তিনি জামায়াতের পক্ষে অগ্নিদূর্গতদের সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জামায়াতের ভাষানটেক থানা আমির ডা. আহসান হাবীবের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, জামায়াত নেতা ডা. শফিকুল ইসলাম জুয়েল, আব্দুল করিম, মোজাম্মেল হক শাফায়েত, ফারুক হোসেন, সিরাজুল ইসলাম ও আবু সাঈদ মিয়া, যুবনেতা আবুল কাশেম, ছাত্রনেতা সিয়াম, মহসিন ও শরিফুলসহ থানা কর্মপরিষদ, ওয়ার্ড দায়িত্বশীল, সামাজিক ও বস্তির প্রতিনিধিরা।
সম্প্রতি রাজধানীর ভাষানটেক থানার গুদারাঘাট শ্যামলপল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় চার শতাধিক ঘর-বাড়ি ভষ্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

