পবিত্র রমজানে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকল্পে কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হলে সরকারকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ মন্তব্য করেন।
তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে মুসলিম উম্মাহকে সিয়াম সাধনায় সুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব। সেইসাথে দেশময় আইন শৃঙ্খলার যে অবনতি, চুরি-ডাকাতি বৃদ্ধি তা বন্ধে উদ্যোগ গ্রহণ করা। অন্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হবে।
শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, রমজানে যানজট নিরসনসহ সারাদেশে যোগাযোগব্যবস্থায় জনভোগান্তি দূর করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগ প্রয়োজন। মুফতী রেজাউল করীম বলেন, রমজান মাসে ট্রাফিক জ্যাম নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। একই সাথে সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, হত্যা, ধর্ষণ, জুলুম, নির্যাতনের অবসান ঘটাতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

